এস এ সাগর দাস: জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর প্রতি সহিংসতা ও বৈষম্য রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে নওগাঁর মহাদেবপুরে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী পালিত ১৬ দিনের অ্যাক্টিভিজম কর্মসূচির অংশ হিসেবে র্যালি, আলোচনা সভা ও স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা চত্বরে র্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএসডিও-গেটকা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মো. আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. গোলাম রাব্বানী এবং উপজেলা লোকমোর্চা কমিটির চেয়ারপার্সন ও সাংবাদিক মো. লিয়াকত আলী।
আলোচনা সভায় বক্তারা জেন্ডার সমতা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে নারীরা নানাভাবে নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। এ বিষয়ে সবাইকে আরও সংবেদনশীল হতে হবে। এসব সমস্যা প্রতিরোধ ও কমিয়ে আনতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে লোকমোর্চা ও যুব প্রতিনিধিরা জেন্ডার সমতা ও জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন।
উল্লেখ্য, বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশন যৌথ অংশীদারত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপের কারিগরি সহায়তায় নওগাঁ জেলার সাপাহার, মহাদেবপুর ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদি গেটকা প্রকল্প বাস্তবায়ন করছে।