সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ধান এখন পানির নিচে, দুশ্চিন্তায় নিয়ামতপুরের কৃষক। চট্টগ্রাম রেলস্টেশনে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ, নেপথ্যে স্বপন! শেরপুরে জিন্নাত আলী হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার সুন্দরবনের দুবলার চরে ৩ দিনব্যাপী রাস পুণ্যস্নান শুরু আজ। চট্টগ্রামে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত রোটারি ক্লাব অব চিটাগাং সিটির ৪৩৪তম সভা অনুষ্ঠিত। নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার! একেখান এলাকায় মাসুম হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে মামলার আসামি আজিম গ্রেফতার চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ।

মাথার ঘাম পায়ে ফেলে ফলানো ধান এখন পানির নিচে, দুশ্চিন্তায় নিয়ামতপুরের কৃষক।

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২১ বার পঠিত
আপডেট : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:১০ অপরাহ্ণ

এস এ সাগর দাস: মাঠজুড়ে পাকা আমন ধান। কোথাও কাটা ধানের স্তূপ, কোথাও আবার পানিতে ডুবে আছে সোনালি ফসল। যে ধান ঘরে তুলে কৃষকের মুখে হাসি ফোটার কথা, সেই ধানই এখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। টানা তিন দিনের অসময়ের বৃষ্টিতে নওগাঁর নিয়ামতপুরে আমন ধান ঘরে তোলা নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকরা। জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে কাটা ও পাকা ধান ভিজে থাকায় দেখা দিয়েছে পচন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা।

রবিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষিজমি ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে অনেক জমি তলিয়ে গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কেটে রাখা পাকা ধান পড়ে আছে পানির মধ্যে। আবহাওয়া অনুকূলে না থাকায় ধান শুকানো কিংবা দ্রুত ঘরে তোলাও সম্ভব হচ্ছে না। ফলে সারা বছরের পরিশ্রমে ফলানো ফসল নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে কৃষকদের।

কৃষকদের আশঙ্কা, দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে ধানের রং ও গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি ধানে অঙ্কুরোদ্গম দেখা দিতে পারে। এতে উৎপাদিত ধানের বাজারমূল্য আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নিয়ামতপুর উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এ বছর আমন ধানের সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২০ মেট্রিক টন। হেক্টরপ্রতি গড় উৎপাদন লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৭২ মেট্রিক টন।

উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বনগাঁ চান্দইল গ্রামের কৃষক আকবর আলী বলেন, এ বছর প্রায় এক একর জমিতে আমন ধানের আবাদ করেছেন তিনি। সব ধান কেটে জমিতে ফেলে রেখেছেন। কিন্তু টানা বৃষ্টিতে সেগুলো ঠিকমতো ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বলেন, বর্ষা মৌসুমে বৃষ্টি না হওয়ায় কয়েক দফা সেচ দিতে হয়েছে। এতে উৎপাদন খরচ অনেক বেড়েছে। অথচ বাজারে ধানের দাম নেই। সরকার নির্ধারিত দামে ধান বিক্রির সুযোগও পাচ্ছেন না। এভাবে দাম থাকলে লাভের বদলে ঋণের বোঝা বাড়বে।

বাদমালঞ্চি গ্রামের কৃষক মাহাদী হাসান মানিক বলেন, মাঠের পাকা ধান সময়মতো ঘরে তুলতে না পারলে ফসলের পাশাপাশি গুণগত মানও নষ্ট হবে। এমনিতেই ধানের দাম কম, শ্রমিক পাওয়া যাচ্ছে না, উৎপাদন খরচও অনেক বেড়েছে। এর মধ্যে অসময়ের বৃষ্টি তাঁদের আরও বিপাকে ফেলেছে। এবার আমন আবাদ করে লাভের পরিবর্তে ঋণের বোঝা বাড়ার আশঙ্কা করছেন তিনি।

এদিকে গতকাল শনিবার বেনীপুরের প্রান্তিক সাপ্তাহিক হাটে কৃষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি সরকার কৃষকদের বন্ধু। তিনি নিজেও কৃষক পরিবারের সন্তান। তাঁর নির্বাচনী এলাকার কৃষকদের দুঃখ-দুর্দশার বিষয়টি তিনি দেখছেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

অন্যদিকে কৃষকদের উদ্বেগের মধ্যে আশার কথা শুনিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি বলেন, চলতি মৌসুমে উপজেলায় ৩০ হাজার ৪৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। বর্তমানে ফসল কাটা চলমান রয়েছে। আশা করা হচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যে আবহাওয়া অনুকূলে ফিরে আসবে। বৃষ্টিতে আমন ধানের উৎপাদনে তেমন কোনো ক্ষতি হবে না।

সব মিলিয়ে উৎপাদন খরচ বৃদ্ধি, ধানের ন্যায্যমূল্য না পাওয়া, শ্রমিক সংকটের পাশাপাশি অসময়ের বৃষ্টি নিয়ামতপুরের আমন চাষিদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে। মাঠের সোনালি ফসল দ্রুত ঘরে তুলতে এখন আবহাওয়ার উন্নতি ও রোদের অপেক্ষায় রয়েছেন কৃষকরা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর