নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: পিতার পরিচয় পরিবর্তন করে অন্যের মালিকানাধীন জমি আত্মসাতের উদ্দেশ্যে জাল ওয়ারিশ সনদ তৈরি এবং সেই সনদ ব্যবহার করে ভুয়া নামজারি খতিয়ান সৃজনের অভিযোগে ব্যবসায়ী মোস্তফা আজাদ চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ষষ্ঠ আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, মোস্তফা আজাদ চৌধুরীর প্রকৃত পিতার নাম মো. মুছা চৌধুরী। তবে তিনি নিজেকে মরহুম হারুনুর রশীদ চৌধুরীর ছেলে পরিচয় দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড থেকে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই সনদ ব্যবহার করে ১৩০৩৪ দাগের ০.০৭০০ একর জমির বিপরীতে নিজের নামে ১৮২৫১ নম্বর বিএস নামজারি খতিয়ান তৈরি করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মরহুম হারুনুর রশীদ চৌধুরীর ছেলে মোঃ পারভেজ চৌধুরী বাদী হয়ে সি.আর. ৯৭৭/২০২৫ নম্বর মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে জাল ওয়ারিশ সনদ তৈরি, ব্যবহার এবং প্রতারণার মাধ্যমে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়।
এদিকে, জমির নামজারি খতিয়ান বাতিল চেয়ে ২০২৪ সালের ১৮ আগস্ট সহকারী কমিশনার (ভূমি), চান্দগাঁও সার্কেলে আবেদন করা হয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের ৭ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশেও পিতার পরিচয় পরিবর্তন করে জাল ওয়ারিশ সনদ দাখিলের বিষয়টি উল্লেখ করা হয়।
মামলায় আপসের শর্তে জামিন পেলেও পরবর্তীতে আদালতের নির্দেশনা প্রতিপালন না করায় সোমবার তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।অভিযুক্ত মোস্তফা আজাদ চৌধুরী চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন খাজা রোডের এনএমসি হাউজ এলাকার বাসিন্দা।