চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন একে খান মোড়ে ১১ নম্বর রোডে শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম বেবিট্যাক্সি টেম্পু ড্রাইভার-সহকারী ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ১১ নম্বর রোডে শ্রমিকদের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, শ্রমিকরা জীবিকার তাগিদে রাস্তায় কাজ করেন। তাঁদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে ভাটিয়ারী শাখা কমিটির সভাপতি মো. জসিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ১১ নম্বর রোড লাইন কমিটির সভাপতি শাহাবুদ্দিন, কার্যকরী সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক মো. সাদেক, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল আমিন, অর্থ সম্পাদক মো. ইমন, লাইন সম্পাদক মো. শহীদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মো. শরিফ, মো. কাউসার, মোহাম্মদ সালাউদ্দিন ও মো. মাহিনসহ ১১ নম্বর রোডের বিপুলসংখ্যক শ্রমিক ও চালক উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।