বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে  পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার। শেরপুর সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ জন আটক নিয়ামতপুরে ১৯৪ বস্তা ডিএপি সার জব্দ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা। শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা ও ছুরিকাঘাতের প্রতিবাদে একে খান মোড়ে মানববন্ধন! লকডাউন ঘিরে উদ্বেগ,নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে সহিংসতার রেশ,থমথমে পরিস্থিত! চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্য সচিব সারোয়ার চট্টগ্রামকে বাসযোগ্য নগরী গড়তে ওয়ার্ডভিত্তিক উন্নয়ন চলছে: প্রশাসক চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২। চট্টগ্রামে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসায়িক কার্যালয়ে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ জাতীয় ছাত্রশক্তির চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন মো. ইমরান চৌধুরী।

লকডাউন ঘিরে উদ্বেগ,নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে সহিংসতার রেশ,থমথমে পরিস্থিত!

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ১৯ বার পঠিত
আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩:০৭ অপরাহ্ণ

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এখনো কাটেনি আতঙ্ক। বিশেষ করে টুঙ্গিপাড়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি মোকাবিলায় জেলায় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

বুধবার সকাল থেকে গোপালগঞ্জ শহর ও টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় মানুষের চলাচল তুলনামূলক কম দেখা গেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের কিছু সড়কে রিকশা, ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচল শুরু হয়। কয়েকটি এলাকায় দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুললেও সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিক সময়ের মতো কর্মচাঞ্চল্য ছিল না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল নগণ্য।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজিবির সদস্যদের অবস্থান ও টহল দিতে দেখা গেছে। নিরাপত্তা জোরদারে নতুন করে ১১ প্লাটুন বিজিবি যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। তবে টুঙ্গিপাড়া এলাকায় পুলিশের দৃশ্যমান উপস্থিতি ছিল না।

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। লকডাউন কর্মসূচির সমর্থকেরা এসব প্রতিবন্ধকতা তৈরি করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গত মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়ার একটি খেলার মাঠ থেকে কয়েকজন তরুণকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁদের মুক্তির দাবিতে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ টুঙ্গিপাড়া থানার সামনে জড়ো হন।

একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন থানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পরে থানা ভবন ও বাইরে থাকা পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।

একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ি এবং তাঁর পরিবারের সদস্যদের আরও ১০ থেকে ১৫টি বাড়িঘরে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

এ ছাড়া টুঙ্গিপাড়ার নিলফা এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করা হয়। সেখানে যৌথ বাহিনীর গাড়িবহর বাধার মুখে পড়ে এবং কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ছাড়া সদর উপজেলার বৌলতলী এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে। মঙ্গলবার রাতে অগ্নিসংযোগের শিকার কয়েকটি গাড়িতে বুধবার সকালেও আগুন জ্বলতে দেখা যায়।

সহিংসতার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেকেই নিরাপত্তার কারণে প্রকাশ্যে কথা বলতে চাইছেন না। তাঁদের আশঙ্কা, বৃহস্পতিবারের কর্মসূচিকে কেন্দ্র করে আবারও সংঘর্ষ ও নাশকতার ঘটনা ঘটতে পারে।

এদিকে এসব ঘটনার বিষয়ে বুধবার পর্যন্ত পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নতুন করে কোনো মামলা বা অভিযোগ দায়েরের তথ্যও নিশ্চিত হওয়া যায়নি।

সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নতুন করে সহিংসতা প্রতিরোধে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর