ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজার এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি অস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৭টার দিকে বাঙ্গালহালিয়া সরকারি কলেজসংলগ্ন উত্তর পাশের একটি পুকুরপাড়ের জঙ্গল থেকে এসব অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সফিপুর ও বাঙ্গালহালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় বাঙ্গালহালিয়া স্টেশনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে কলেজসংলগ্ন পুকুরপাড়ের জঙ্গলে তল্লাশি চালানো হয়। সেখানে পলিথিনের শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।
উদ্ধার করা কার্তুজের মধ্যে একটি রাবার বুলেট ও অপরটি সিসার বুলেট। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসআই সুফল কুমার দাস অস্ত্র ও কার্তুজগুলো জব্দ তালিকামূলে জব্দ করেন।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অস্ত্র ও কার্তুজগুলো কে বা কারা সেখানে ফেলে গেছে, তা জানতে স্থানীয় দোকানদার ও উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।