নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রেল স্টেশনের স্বপন নামে ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, স্টেশনের প্ল্যাটফর্মে ব্যবসা করতে হলে তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয়। টাকা না দিলে সেখানে হকারি করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও ভয়ে প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না ভুক্তভোগী হকাররা।

হকারদের অভিযোগ, বাদাম, চা, শসা ও পেয়ারা বিক্রেতাদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে আদায় করেন স্বপন। অন্যদিকে চিপস, পানি ও অন্যান্য পণ্য বিক্রেতাদের কাছ থেকে নেওয়া হয় ২৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এভাবে প্রতিদিন স্টেশনে ব্যবসা করা হকারদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।
বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেনগুলো স্টেশনে প্রবেশ ও যাত্রাবিরতির সময় প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক ভিড় তৈরি হয়। এ সময় হকারদের অবাধ চলাচল ও পণ্য বিক্রির কারণে যাত্রীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে ট্রেনের দরজা ও প্ল্যাটফর্মের সামনে হকারদের জটলার কারণে যাত্রীদের ওঠানামায়ও ভোগান্তি তৈরি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর সদস্যদের সামনেই চলছে হকারি সরেজমিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই বিভিন্ন পণ্য নিয়ে হকাররা প্ল্যাটফর্মে বিক্রি করছেন। এ সময় স্বপনকে হকারদের আশপাশে অবস্থান করে তাদের দেখভাল করতেও দেখা যায়।
হকারদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চিফ ইন্সপেক্টর মো. ইয়াসিন উল্লাহ বিষয়টি এড়িয়ে যান। তবে তিনি স্বীকার করেন, স্টেশনে বিভিন্ন ধরনের হকার পণ্য বিক্রি করেন। পেয়ারা, বাদাম ও চা বিক্রেতারা হঠাৎ করে স্টেশনে প্রবেশ করে ব্যবসা শুরু করেন বলে জানান তিনি। তাদের পাওয়া গেলে জরিমানা করা হয় বলেও দাবি করেন এই কর্মকর্তা। তবে স্বপন নামে কাউকে চেনেন না বলে জানান তিনি।

অভিযুক্ত স্বপনের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন। তবে নিজের পরিচয় নিশ্চিত করার আগেই অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
দিগন্তর বার্তার ২৪ এর পক্ষ থেকে একাধিক হকারের সঙ্গে কথা বলে জানা গেছে, স্টেশনে ব্যবসা করতে হলে স্বপনকে নিয়মিত টাকা দিতে হয় বলে অভিযোগ তাদের। কেউ টাকা দিতে অস্বীকৃতি জানালে স্টেশনে ব্যবসা করা নিয়ে নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয় বলেও দাবি করেছেন কয়েকজন হকার।
এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে স্বপনের বিরুদ্ধে। কয়েকজন হকারের দাবি, আগে আওয়ামী লীগের ছত্রছায়ায় এবং বর্তমানে বিএনপির পরিচয় ব্যবহার করে স্টেশনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তিনি।
রেলওয়ের গুরুত্বপূর্ণ এই স্টেশনে হকারদের কাছ থেকে কারা অর্থ আদায় করছে, আদায় করা অর্থ কোথায় যাচ্ছে এবং এর সঙ্গে রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততা রয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ভুক্তভোগী হকারদের দাবি, এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অবৈধ অর্থ আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি প্ল্যাটফর্মে অনিয়ন্ত্রিত হকারি বন্ধ করে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে হবে।