ঝুলন দত্ত, নিজস্ব প্রতিবেদক: কবিতার ছন্দে, সুরের মূর্ছনায় আর গানের আবেগে রাঙিয়ে দিতে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে এক মনোমুগ্ধকর সংগীতসন্ধ্যা। বাংলা গানের ঐশ্বর্যময় ভুবনে কালজয়ী পঞ্চ কবির সৃষ্টিকে শ্রোতাদের হৃদয়ে নতুন করে জাগিয়ে তুলতে ‘সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ, বাংলাদেশ’ আয়োজন করেছে বিশেষ সংগীতানুষ্ঠান ‘পঞ্চার্ণব’।
আগামী ৪ নভেম্বর, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ আয়োজন। পঞ্চ কবির গানকে কেন্দ্র করে সাজানো এ সংগীতসন্ধ্যায় সুর, বাণী ও আবেগের মেলবন্ধনে সৃষ্টি হবে এক অনন্য সাংস্কৃতিক আবহ।
অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব ও গবেষক এবং ফুলকির সর্বাধ্যক্ষ শীলা মোমেন।
‘পঞ্চার্ণব’ সংগীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সুবর্ণা দাশ, জয়শ্রী ধর, ডা. স্বাগতা নন্দী ও শ্যামলী পাল। তাঁদের কণ্ঠে পঞ্চ কবির কালজয়ী গানের সুর ও বাণী শ্রোতাদের নিয়ে যাবে বাংলা সংগীতের সমৃদ্ধ ঐতিহ্যের গভীরে।
যন্ত্রসংগীতে থাকবেন রিপন শীল (কিবোর্ড), মলয় কুমার ইন্দু (অ্যাকোস্টিক গিটার), শ্যামল চন্দ্র দাশ (বেহালা), সুজন দাশ (বাঁশি), মো. ফারুক হোসেন (মন্দিরা) এবং উৎপল দে মিঠু ও সানি দে (তবলা)।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন বাচিক শিল্পী প্রবীর পাল। সার্বিক নির্দেশনা ও পরিকল্পনায় রয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও প্রশিক্ষক সুব্রত দাশ অনুজ।
বাংলা গানের ইতিহাসে পঞ্চ কবির সৃষ্টি এক অমূল্য সম্পদ। তাঁদের গানে মিশে আছে প্রেম, প্রকৃতি, ভক্তি, মানবতা ও জীবনের বহুমাত্রিক অনুভব। সেই কালজয়ী সৃষ্টির সুরধারায় শ্রোতাদের অবগাহন করানোই ‘পঞ্চার্ণব’ আয়োজনের মূল আকর্ষণ।
আয়োজকদের প্রত্যাশা, এ সংগীতসন্ধ্যা সংগীতপ্রেমীদের হৃদয়ে আনন্দের অনুরণন সৃষ্টি করবে এবং নতুন প্রজন্মের কাছে পঞ্চ কবির গানের সৌন্দর্য ও ঐতিহ্যকে আরও গভীরভাবে তুলে ধরবে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে এ সাংস্কৃতিক প্রয়াসকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য সংগীতপ্রেমী, সংস্কৃতিমনা মানুষসহ সর্বস্তরের সুধীজনকে আমন্ত্রণ জানিয়েছেন সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ, বাংলাদেশের সভাপতি অরুণ নাথ ও সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন।