মারিয়া আক্তার,দিগন্তের বার্তা ২৪,কালিয়াকৈর গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় মনোরম পরিবেশে প্রস্তুতকৃত অভিজাত রেস্তোরাঁ ‘দারচিনি’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মেয়র মুজিবুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে ফিতা ও কেক কেটে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। পরবর্তীতে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মুজিবুর রহমান বলেন, “শিল্পাঞ্চল কালিয়াকৈর ও সংলগ্ন এলাকার মানুষের জন্য উন্নত মানের সেবা ও মানসম্মত খাবারের সুবিধা নিশ্চিত করতে এ ধরনের আধুনিক রেস্টুরেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাবারের মানের ব্যাপারে যেন কোনো আপস না করা হয় এবং সেবার মান ধরে রাখা হয়, সেদিকে কর্তৃপক্ষকে বিশেষ খেয়াল রাখতে হবে।” তিনি রেস্টুরেন্টটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা রেস্টুরেন্টের খাবারের স্বাদ ও চমৎকার পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।
দারচিনি রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, তারা সম্পূর্ণ স্বাস্থ্যকর উপায়ে ও ঘরোয়া পরিবেশে বাংলা, চাইনিজ ও ভারতীয় বিভিন্ন সুস্বাদু খাবারের স্বাদ দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে তাদের যাত্রা শুরু করেছে।