নিজস্ব প্রতিনিধি : বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মা ও মহিয়সী নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের জন্য যে সবচেয়ে বড় সম্পদ রেখে গেছেন, তা হলো স্বাধীনতা ও সার্বভৌমত্ব। তিনি জাতিকে শিখিয়েছেন সাহস, শিখিয়েছেন দেশপ্রেম এবং আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর শিক্ষা।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর ৩০ নম্বর ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, “আমরা বারবার জেলে গিয়েছি, নির্যাতিত হয়েছি, কিন্তু সাহস হারাইনি। এই সাহস আমরা শিখেছি বেগম জিয়ার কাছ থেকে। তিনি কখনো ব্যক্তিস্বার্থের জন্য, কখনো গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করেননি। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন।”
তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বেগম জিয়া জীবনের অধিকাংশ সময় আন্দোলন-সংগ্রামে কাটিয়েছেন। জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও কখনো মাথানত করেননি। “সেদিন যদি তিনি সমঝোতা করতেন, তাহলে আজ আমাদের এই সাহস থাকত না,”—যোগ করেন তিনি।
বিএনপির এই শীর্ষ নেতা আরও বলেন, যারা ক্ষমতার লোভে দেশ বিক্রি করেছে, দুর্নীতিতে জড়িয়েছে এবং স্বার্থের রাজনীতি করেছে, তারা আজ রাজনীতির ময়দানে নেই। এরশাদ কিংবা ১/১১ সরকারের সঙ্গে অনেকেই সমঝোতা করেছে, কিন্তু বেগম জিয়া ও বিএনপি কোনোদিন আপোষ করেনি। সে কারণেই বিএনপি আজ দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।
তারেক রহমানের রাজনৈতিক দর্শনের প্রসঙ্গ তুলে ধরে আমির খসরু বলেন, “তারেক রহমান নতুন চিন্তা ও নতুন রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাসে চড়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন, সিগন্যাল লাইটে গাড়ি থামিয়েছেন—ক্ষমতাবান বলে আলাদা সুবিধা নেননি। এই চিন্তাধারা থেকেই ভবিষ্যতের রাজনীতি গড়ে উঠবে। দেশের প্রকৃত ক্ষমতার মালিক জনগণ—এই বিশ্বাসেই আমাদের রাজনীতি করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, শওকত আজম খাজা, শিহাবুদ্দিন মুবিন ও মনজুর আলম; মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, মোহাম্মদ সালাউদ্দিন ও মশিউল আলম স্বপন; মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম; বিএনপি নেতা কাউসার হোসেন বাবু, আজিজুল ইসলাম বাদল, তসলিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।