শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
কাপ্তাইয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা পরিষদ সদস্য  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা কাপ্তাইয়ে ৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৪১ বিজিবি অধিনায়ক নিশ্চিন্তে, নিরাপদে উৎসব উদযাপন করুন : প্রধানমন্ত্রী শরীরজুড়ে মোমবাতির পোশাক, অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক ভক্তরা রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত সিজেপির পদযাত্রা ঠেকাতে সেন্ট্রাল পার্ক বন্ধ, দিল্লিতে ২৫ হাজার পুলিশ জাতীয় দলের জার্সিতে খেলে অবসর নিতে চান জাহানারা কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ, নিরাপত্তা জোরদারে এসআরবি-৬

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ৩৪ বার পঠিত
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ

শেখ তাইজুল ইসলাম,মোংলা(বাগেরহাট): সুন্দরবনে জলদস্যুতা দমনে এসআরবি-৬-এর তৎপরতার মধ্যে আলিফ বাহিনীর ১৫ সদস্য আত্মসমর্পণ করেছেন। গত ৯ অক্টোবর তাঁদের মধ্যে আব্দুল্লাহ গ্রুপের আটজন ও মজিদ গ্রুপের সাতজন এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেন। শনিবার (১০ অক্টোবর) খুলনায় এসআরবি-৬-এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুন্দরবনে জেলে, বাওয়ালি, মৌয়ালসহ হাজারো মানুষ জীবিকার জন্য বনের ওপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায় এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড তাঁদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম জোরদার করেছে এসআরবি-৬।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান ও সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলে অতীতে সুন্দরবনের বিভিন্ন দস্যু বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্য আত্মসমর্পণ করেছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নতুন দস্যুচক্রের তৎপরতা এবং আগে আত্মসমর্পণ করা কয়েকজনের পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর তথ্য পাওয়া গেছে। পাশাপাশি বনজীবীদের অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনাও সামনে এসেছে।

এমন পরিস্থিতিতে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-৬ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়। বাহিনীর নজরদারি, ধারাবাহিক অভিযান, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধমূলক জীবনের অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআরবি-৬-এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, আলিফ বাহিনীর ১৫ সদস্যের আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি বননির্ভর জনগোষ্ঠীর নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ উন্নত করতে ভূমিকা রাখবে।

এসআরবি-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যুদের অপতৎপরতা থেকে মুক্ত রাখা এবং বননির্ভর মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করা বাহিনীর অন্যতম অগ্রাধিকার। জলদস্যুতা, অপহরণ, মুক্তিপণ আদায় ও সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

আত্মসমর্পণকারী ১৫ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে এসআরবি-৬-এর মিডিয়া সেল জানিয়েছে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধারাবাহিক অভিযান ও কার্যকর নজরদারির মাধ্যমে সুন্দরবনে দস্যুতা নিয়ন্ত্রণে আসবে এবং জেলে, বাওয়ালি ও মৌয়ালরা আরও নিরাপদ পরিবেশে জীবিকা নির্বাহ করতে পারবেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর