মরিয়ম আক্তার সাথী,ষ্টাফ রিপোর্টার: গাজীপুরের কোনাবাড়ীতে মধ্যরাতে একটি টিনশেড বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১টা ৩ মিনিটে দেওয়ালীয়াবাড়ী এলাকার বাগানবাড়ি মোড়ের ওই বাড়ীতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই টিনশেড বসতবাড়ির তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়েছিল। সংবাদ পেয়ে রাত ১টা ১৩ মিনিটে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কাজে যোগ দেয়। কর্মীদের নিরলস প্রচেষ্টায় রাত ১টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত ২টা নাগাদ তা পুরোপুরি নেভানো সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুন লেগেছিল।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুনে ঘরগুলোর আসবাবপত্র ও ভবনের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা। তবে ফায়ার সার্ভিসের সময়োচিত পদক্ষেপের কারণে অন্তত ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হওয়া থেকে রক্ষা পেয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।