নুরুল আমিন সোহেল, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন সিডিএ মার্কেট এলাকায় ১০ বছরের এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগে অভিযুক্ত ধর্ষক মান্নানকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। আজ সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
ভুক্তভোগী শিশু ফারজানা আক্তার (ছদ্মনাম) স্থানীয় গাউসিয়া মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী। সে ওই এলাকার বাসিন্দা মো. নাসিম ও জাহানারা বেগমের কন্যা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সিডিএ মার্কেট এলাকায় ১০ বছর বয়সী ওই শিশুটিকে একা পেয়ে লম্পট মান্নান জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী পরিবার পাহাড়তলী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ দ্রুত অভিযানে নামে এবং সন্ধ্যা ৭টায় অভিযুক্ত মান্নানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এদিকে ঘটনাটিকে ধামাচাপা দিতে এবং আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে অভিযুক্তের পরিবার ভুক্তভোগী পরিবারকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপস-মীমাংসার প্রস্তাব দেয় বলে অভিযোগ উঠেছে। ধৃত মান্নানের ভাই তামিম ভুক্তভোগী পরিবারের কাছে গিয়ে প্রস্তাব দিয়ে বলে, “মান্নান সাহেব বলছেন কিছু টাকা দিয়ে বিষয়টি ম্যানেজ করি, তবুও দয়া করে আপনারা এই ঘটনা কাউকে বলিয়েন না।”
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামি মান্নানকে গ্রেফতার করেছি। অপরাধীকে কোনো ছাড় দেওয়া হবে না। একই সাথে এই ঘটনা টাকা দিয়ে ধামাচাপা দেওয়া বা ভুক্তভোগী পরিবারকে প্রলোভন ও ভয়ভীতি দেখানোর চেষ্টার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী আসামির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ধর্ষণের শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানোর প্রক্রিয়া চলছে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ধর্ষক ও ঘটনা ধামাচাপাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।