স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের অন্যতম দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাতে বায়েজিদ বোস্তামী থানার নিয়মিত মাদকবিরোধী অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বায়েজিদ বোস্তামী থানার ওয়ারলেস গেট এলাকার মো. আসিফ (২৫) এবং পাহাড়তলী এলাকার সাইফুল ইসলাম প্রকাশ আরিফ (২৪)।
তাদের মধ্যে আসিফের কাছ থেকে একটি বিদেশি অটো মেটিক পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া আরিফের কাছ থেকে চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া গুলির মধ্যে কয়েকটিতে “HPM” লেখা ছিল বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছে এবং দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের জন্য অস্ত্র ও গুলি সংরক্ষণের তথ্য দিয়েছে বলে দাবি পুলিশের।
এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, অস্ত্র আইন, সরকারি কর্মকর্তার ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ ১১টি মামলা রয়েছে। অপরদিকে সাইফুল ইসলাম প্রকাশ আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অস্ত্রের উৎস এবং তাদের সহযোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।