চট্টগ্রাম প্রতিনিধি: খেলাধুলাকে বিনোদনের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে এর সঙ্গে যুক্ত বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ক্রীড়াঙ্গনকে ঘিরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড সৃষ্টি হচ্ছে। তাই স্পোর্টস ইকোনমিকে দেশের অর্থনীতির মূলধারায় যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর এ টুর্নামেন্টের আয়োজন করে।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি শিশুর বিকাশ কেবল পাঠ্যবইনির্ভর হলে চলবে না। শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি জ্ঞান—সবকিছুর সমন্বয়েই ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে হবে। খেলাধুলা শিশু-কিশোরদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক দৃঢ়তা ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সহায়তা করে।
তিনি বলেন, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারের কারণে অনেক শিশু-কিশোর এখন মাঠের পরিবর্তে মোবাইল ফোনে বেশি সময় কাটাচ্ছে। এ পরিস্থিতি পরিবর্তনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিশুদের নিয়মিত মাঠে আসার সুযোগ তৈরি করার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডেও তাদের অংশগ্রহণ বাড়াতে হবে।
ক্রীড়াক্ষেত্রে প্রতিভাবান শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, স্কুল পর্যায় থেকেই সম্ভাবনাময় খেলোয়াড়দের চিহ্নিত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া দরকার। খেলোয়াড়দের জার্সি, ক্রীড়া সামগ্রী, জুতা, ব্যাগ ও যাতায়াতের মতো মৌলিক সহযোগিতা নিশ্চিত করা গেলে অনেক প্রতিভা বিকশিত হওয়ার সুযোগ পাবে।
তিনি আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে বিভাজন ও দলাদলি বাদ দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ক্রীড়া সংগঠক, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান সভাপতিত্ব করেন। চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান ও বিএনপি চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব নাজিমুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব মশিউল আলম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলোয়াড়, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
পরে আমির খসরু মাহমুদ চৌধুরী মাঠে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।