নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তায় ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিকূল আবহাওয়া ও তীব্র গরমের মধ্যে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের স্বস্তি দিতে এবং পরীক্ষার্থীদের সার্বিক সহায়তা নিশ্চিত করতে দলটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন মানবিক উদ্যোগ।
রোববার (৩ মে) নগরীর নাছিরাবাদ বয়েজ স্কুল ও নাছিরাবাদ গার্লস স্কুলসহ একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। পরিদর্শনকালে তিনি কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, পরীক্ষার শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের সুবিধা-অসুবিধা পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে পরীক্ষার পরিবেশ আরও সহায়ক রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরীক্ষা চলাকালীন বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের দুর্ভোগ লাঘবে বিএনপির উদ্যোগে পানি ও শুকনো খাবার বিতরণ করা হয়। তীব্র গরমে স্বস্তি দিতে এই কার্যক্রমে অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
পাশাপাশি পরীক্ষার্থীদের খোঁজখবর নেওয়া এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন দলটির নেতারা। এ সময় নাজিমুর রহমান বলেন, “বিএনপির রাজনীতি সবসময়ই মানবিক ও জনকল্যাণমুখী। দেশের মানুষের দুর্ভোগ কমানো এবং যেকোনো সংকটে তাদের পাশে দাঁড়ানো আমাদের মূল অঙ্গীকার। অতীতেও আমরা জনগণের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো।” তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা জাতির ভবিষ্যৎ।
তাদের একটি সুষ্ঠু ও নিরবচ্ছিন্ন পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি অভিভাবকদের ভোগান্তি কমানোও আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময়ই জনগণের কল্যাণে কাজ করে যাবে এবং এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, বিএনপি নেতা গোলাম মনসুরসহ স্থানীয় নেতাকর্মীরা। চট্টগ্রাম মহানগর বিএনপির এই উদ্যোগকে অনেক অভিভাবক স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।