রেজাউল মোস্তফা চট্টগ্রাম: ২২মে শুক্রবার জুমার নামাজ শেষে ফুলেশ্বরি স্টুডেন্ট এসোসিয়েশনের উদ্যোগে রামিছা হত্যা ও চট্টগ্রামের বাকলিয়ায় ফারিয়া ধর্ষণ প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মিছিলে বক্তব্য প্রদানকালে শিক্ষার্থী মোঃ নাহিম বাংলাদেশ সরকার ও প্রশাসনের প্রতি কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে ছাত্রসমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে বীর চট্টলার মাটি থেকে আবারও আন্দোলনের ডাক দেওয়া হবে।
অপরদিকে শিক্ষার্থী মোঃ এমদাদুল হক মুনতাসির তার বক্তব্যে বলেন, একের পর এক ধর্ষণ ও হত্যাকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। তিনি প্রশ্ন তুলে বলেন, অতীতের বিভিন্ন ঘটনার রায় কার্যকর না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। তিনি সরকারের প্রতি দ্রুত বিচার ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ব্যর্থ হলে সাধারণ মানুষ আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
প্রতিবাদী মিছিল থেকে বক্তারা অবিলম্বে সকল ধর্ষক ও নারী নির্যাতনকারীর দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান। তারা বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।