নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ টন চোরাই খনিজ কয়লা ও চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ২ জুন ২০২৬ দুপুর ২টার দিকে পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বোট দুটিতে থাকা প্রায় ৩ টন খনিজ কয়লা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোটও জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের নদী ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।