ছায়েদ আহামেদ, হাতিয়া(নোয়াখালী): নোয়াখালীতে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফুটবল ইভেন্টে ফাইনাল পর্বে চ্যাম্পিয়ন হয়েছে হাতিয়া উপজেলা। ফুটবল ইভেন্টের এ শ্রেষ্ঠত্ব অর্জনে হাতিয়ায় খুশির জোয়ার বইছে।
মঙ্গলবার(৫ মে) বিকেল সাড়ে ৪টায় নোয়াখালী জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে এ ফাইনাল পর্বে সদর পৌরসভাকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি জিতেছেন হাতিয়া উপজেলা টিম।
নোয়াখালী জেলার ৯টি উপজেলার মধ্যে হাতিয়ার এ শ্রেষ্ঠত্ব অর্জনের খবরে পুরো দ্বীপ উপজেলা হাতিয়াজুড়ে উল্লাসের জোয়ার বইছে। হাতিয়া শহরসহ বিভিন্ন বাজার-ঘাটে মানুষের মাঝে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকজুড়ে হাতিয়া টিমকে শুভেচ্ছা ও ধন্যবাদ দিতে দেখা গেছে।

এর আগে ৩ মে ১ম রাউন্ডে হাতিয়া উপজেলা টিম ৬-০ গোলে সেনবাগকে হারিয়েছে, ৪মে ২য় রাউন্ডে ৫-০ গোলে সোনাইমুড়িকে হারিয়েছে।
সর্বশেষ ৫মে সকাল ৯টায় সেমিফাইনালে ২-০ গোলে চাটখিল উপজেলাকে হারিয়ে ফাইনালে উঠেছে হাতিয়া উপজেলা। হাতিয়া উপজেলার পক্ষে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন আব্দুল হামিদ মাহির।
এছাড়া, নতুন কুঁড়ি স্পোর্টসের ৭টি ইভেন্টের মধ্যে হাতিয়া উপজেলা টিম ২০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন, সাঁতার চিৎ ৩য় স্থান, উন্মুক্ত সাঁতার ২য়, ব্যাডমিন্টন দ্বৈত মেয়ে রানার্সআপ এবং কাবাডি রানার্সআপ হয়েছে।
হাতিয়া ফুটবল টিমের কোচ কাজী মাসুম জানান, অল্প সময়ের মধ্যে আমরা প্লেয়ারদেরকে ভালভাবে গড়ে তুলতে পারিনি। এরপরও আমাদের টিম সন্তোষজনক পারফরমেন্স দেখিয়েছে। টিমের সকল প্লেয়ারদের ধন্যবাদ দিয়ে এ বিজয়কে হাতিয়াবাসীর প্রতি উৎসর্গ করেছেন বলে জানান তিনি।
নতুন কুঁড়ি স্পোর্টসের হাতিয়া টিম ম্যানেজার সোয়েব উদ্দিন বলেন, সবগুলো ইভেন্টে আমাদের টিম ভাল করেছে। কিছুতে চ্যাম্পিয়ন,কিছুতে রানার্সআপ হয়েছি। ফুটবল ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ায় সকল প্লেয়ারসহ উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
উল্লেখ্য, ১২ থেকে ১৪ বছরের কিশোর কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী এ প্রতিযোগিতা অয়োজিত হচ্ছে। যার অংশ হিসেবে নোয়াখালী জেলাতেও উৎসাহ উদ্দীপনার সাথে এ প্রতিযোগিতা চলমান রয়েছে।