নিজস্ব প্রতিনিধি : নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রামে পালিত হয়েছে বিশ্ব মান দিবস। সকালে নগরীর আগ্রাবাদে মান দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনার সভার আয়োজন করে বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পাঠান মো: সাইদুজ্জামান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শুধু মোবাইল কোর্টের মাধ্যমে কোনো পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য উৎপাদক এবং ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরী। সর্তকর্তা এবং দায়িত্ববোধ তৈরি না হলে আইনপ্রয়োগ করে পণ্যের মান নিয়ন্ত্রণ সম্ভব নয়। এছাড়া বর্তমানে বিভিন্ন ই-বর্জ্য যথাযথভাবে ধ্বংসের ব্যাপারেও সবাইকে নজর দিতে হবে। সরকার ইতোমধ্যে এই বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে।
এবারের মান দিবসের প্রতিপাদ্য ছিল ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানী’। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের প্রধান মো: মোমেন উস সাজ্জাদ।