নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামে দেশীয় সাংস্কৃতিক সংসদ মহানগরের উদ্যোগে মরহুম ড. আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ (রাহিমাহুল্লাহ)-এর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকাল ১১টায় নগরীর চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, “ড. আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ ছিলেন জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে তাঁর পদচারণা ছিল সকলের জন্য অনুসরণীয়। তাঁর বিকশিত অমূল্য প্রতিভা দেশ ও জাতি গঠনে যুগের পর যুগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “আ. জ. ম. ওবায়দুল্লাহ তাঁর কথা ও কলমের মাধ্যমে আমাদের যা দিয়ে গেছেন, তার যথাযথ মূল্যায়ন ও চর্চা করতে হবে।” এ ধরনের গুণী ব্যক্তির স্মরণে অনুষ্ঠান আয়োজন করায় দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগরকে ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট বাচিকশিল্পী ও Kids Creation TV-এর সিইও শরীফ বায়েজিদ মাহমুদ। তিনি ড. ওবায়দুল্লাহর সঙ্গে কাটানো স্মৃতিময় মুহূর্ত তুলে ধরে বলেন, তাঁর সৃজনশীল কর্মধারা সুস্থ সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ পাথেয় হয়ে থাকবে।
সংগঠনের সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট পরিবেশবিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম এবং সুরকার, গীতিকার ও শিক্ষাবিদ ড. চৌধুরী আব্দুল হালিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ইমদাদ হোসেন ও কবি চৌধুরী গোলাম রব্বানী।
সংগঠনের সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুরের সঞ্চালনায় অনুষ্ঠানে আ. জ. ম. ওবায়দুল্লাহ রচিত সংগীত পরিবেশন করেন চট্টলা গানের দলের শিল্পীরা।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম ড. আ. জ. ম. ওবায়দুল্লাহর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। তাঁর অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এতে অংশ নেন।