শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম

শারদীয় দুর্গোৎসবে শেরপুরের সনাতন ধর্মাবলম্বীদের প্রতি বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদের শুভেচ্ছা

দিগন্তের বার্তা ২৪ ডেস্ক : / ২৩ বার পঠিত
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:৪৩ অপরাহ্ণ

মো. রাজন মিয়া, শেরপুর প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা শফিকুল ইসলাম মাসুদ। এক শুভেচ্ছা বার্তায় তিনি দুর্গোৎসবকে সাম্প্রদায়িক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব হিসেবে উল্লেখ করেন।

শুভেচ্ছা বার্তায় শফিকুল ইসলাম মাসুদ বলেন, দুর্গাপূজা বাঙালির ঐতিহ্য, অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক অনন্য প্রতীক। এ উৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও জোরদার হোক—এটাই তাঁর প্রত্যাশা।

তিনি বলেন, দুর্গোৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ উৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন নয়, বরং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করারও উপলক্ষ।

শফিকুল ইসলাম মাসুদ পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে গুজব ও উসকানিতে কান না দিয়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। শেরপুরের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

শফিকুল ইসলাম মাসুদ একাধারে শেরপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা যুবদলের সাবেক সভাপতি এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিকভাবে আলোচিত এই নেতা গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। একই আসনে বিএনপির দলীয় প্রার্থী ও তাঁর স্বতন্ত্র প্রার্থিতা ঘিরে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়। নির্বাচনে উভয় প্রার্থীই পরাজিত হন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত রয়েছেন।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে শফিকুল ইসলাম মাসুদ আশা প্রকাশ করেন, শেরপুরে দুর্গাপূজার সব আয়োজন শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর