ঝুলন দত্ত, নিজস্ব প্রতিনিধি: সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারিতে এ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লিপু দাশ। শুরুতে স্বাগত বক্তব্য দেন সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্ত্তী। পরে বক্তব্য দেন প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ছিদ্দিকী।
শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই কিশোরী শিল্পী অদ্বিতীয়া বড়ুয়ার কণ্ঠে পরিবেশিত হয় রাগ বাগেশ্রীর তারানা। ত্রিতালে নিবদ্ধ এ পরিবেশনায় শিল্পী প্রথমে মধ্যলয় এবং পরে দ্রুত লয়ে তারানা পরিবেশন করেন। তাঁর সঙ্গে তবলায় সহযোগিতা করেন শিল্পী রাজিব চক্রবর্তী, হারমোনিয়ামে অর্পিতা দেবী দোলা এবং তানপুরায় মোহাম্মদ এনায়েত উল্লাহ সানি।
অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনায় বাঁশিতে রাগ মেঘ পরিবেশন করেন শিল্পী মনীষা ধর। তিনি বিলম্বিত ত্রিতাল, মধ্যলয় ত্রিতাল ও দ্রুত ত্রিতালে রাগটি পরিবেশন করেন। এরপর মিশ্র ভূপালী রাগে দ্রুত দাদরায় পল্লীসুরের একটি ধুন পরিবেশন করেন তিনি। এ পরিবেশনায় তবলায় সহযোগিতা করেন শিল্পী অমিত চৌধুরী দীপ্ত।
শাস্ত্রীয় সঙ্গীতের রাগ, তাল, লয় ও বাদ্যযন্ত্রের মেলবন্ধনে পুরো আয়োজনটি সঙ্গীতপ্রেমীদের মধ্যে উপভোগ্য হয়ে ওঠে। নিয়মিত এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামে শাস্ত্রীয় সঙ্গীতচর্চা ও নতুন প্রজন্মের শিল্পীদের বিকাশে সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা জানান।