লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা প্রশাসকের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশক নিধনের লক্ষে বিশেষ কর্মসূচি পালন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা 'প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র'।
আজ (১৪ অক্টোবর, ২০২৬) প্রশিকার লক্ষ্মীপুর সদর শাখার উদ্যোগে বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট, কীটনাশক বিতরণ এবং দিকনির্দেশনামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়।
কর্মসূচিতে প্রশিকা লক্ষ্মীপুর সদর শাখার ব্যবস্থাপক এ কে বাহারের নেতৃত্বে উপস্থিত ছিলেন শাখার ক্যাশ অফিসার মোঃ শাহীনুর রহমান এবং সংশ্লিষ্ট এলাকার ক্রেডিট অফিসারবৃন্দ। এছাড়াও কর্মসূচিতে প্রশিকার মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
দিনব্যাপী এই কার্যক্রমে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমানো পানি অপসারণের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। সচেতনতা বৃদ্ধির লক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি মশা নিধনে কার্যকরী কীটনাশকও বিতরণ করা হয়।
প্রশিকার শাখা ব্যবস্থাপক এ কে বাহার জানান, জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে তাদের এই ডেঙ্গু বিরোধী সচেতনতামূলক কার্যক্রম ও কীটনাশক বিতরণ অব্যাহত থাকবে।