নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের পতেঙ্গায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সারসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।বৃহস্পতিবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গত বুধবার বিকেল চারটা থেকে রাত ১১টা পর্যন্ত পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় সন্দেহজনক দুটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।
তল্লাশিতে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা রাসায়নিক সার পাওয়া যায়। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত দুটি বোট জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা মালামাল, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।