ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি: উদীয়মান বাংলাদেশ-এর উদ্যোগে সাংস্কৃতিক ঐক্যজোটের ব্যানারে বাংলা সাহিত্যের অমর কবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬ আগস্ট) রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যজীবন, বাংলা সাহিত্যে তাঁর অবদান এবং কবিতায় তাঁর নবতর ধারা প্রবর্তনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তাঁর রচিত কবিতা পাঠ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বিশিষ্ট সংগঠক হিসেবে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, বাংলা সাহিত্যের কালজয়ী ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও বেগবান করাই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থেকে আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলেন।