এস এ সাগর দাস : নওগাঁর নিয়ামতপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে রাস্তার পাশের একটি কাঠের সো-মিল (কাঠ চেরাইকল)। আগুনে মিলের যন্ত্রপাতি, মজুত কাঠ, টিনের ঘরসহ সবকিছু পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মিলের মালিক বেলাল হোসেন।
গতরাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে উপজেলার নিয়ামতপুর সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া তিন রাস্তার মোড় পার হয়ে নিয়ামতপুর-রামনগর-ধানশা টু আড্ডা সড়কের পাশে অবস্থিত ওই সো-মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিল মালিক বেলাল হোসেন জানান, কে বা কারা তাঁর সো-মিলে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দেখেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ততক্ষণে মিলের যন্ত্রপাতি, মজুত কাঠ, টিনের ঘরসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
সর্বস্ব হারিয়ে কান্নাজড়িত কণ্ঠে বেলাল হোসেন বলেন, “আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। আমি ক্ষতিগ্রস্ত হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেলাম।”
এ ঘটনায় আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মিল মালিক। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে স্থানীয়দের প্রত্যাশা, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।