স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে আরেকবার বাংলাদেশের জার্সিতে মাঠে নামতে চান সাবেক অধিনায়ক জাহানারা আলম। দীর্ঘ বিরতির পর জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফেরার আগ্রহের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন ৩৩ বছর বয়সী এই পেসার। তার ফেরার বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জাহানারা নিজেই ক্রিকেটে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবুও বিষয়টি নিশ্চিত করেছেন। তার ভাষ্য, জাহানারা আবার খেলতে চান এবং মাঠ থেকেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানাতে আগ্রহী।
২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জাহানারা। এরপর ২০২৫ সালের শুরুতে মানসিকভাবে প্রস্তুত না থাকার কথা জানিয়ে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালের বিরতি নেন তিনি। পরে অস্ট্রেলিয়ায় চলে যান। এরপর থেকে জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট কিংবা নারী ক্রিকেটের অন্য কোনো কার্যক্রমে তাকে দেখা যায়নি।
জাহানারার সঙ্গে আলোচনার কথা জানিয়ে রফিকুল ইসলাম বাবু বলেন, ‘হ্যাঁ, সে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জোর দিয়ে বলেছিল যে সে ফিরে আসতে চায় ও খেলতে চায়।’
বাবুর মতে, দেশের স্বার্থে ব্যক্তিগত বিরোধ বা দলীয় কোন্দলকে গুরুত্ব দেওয়া উচিত নয়। জাহানারা তাকে জানিয়েছেন, জাতীয় দলে খেলে অবসর নেওয়াই তার লক্ষ্য। সে জন্য নিজেকে ফিটও রেখেছেন এই পেসার।
২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের নারী ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জাহানারা। তখন সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন তিনি। পরে স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুলকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে বিসিবি।