ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফে তিন শতাধিক অসচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পুঁজি ও মূলধন সহায়তা প্রদান করা হয়েছে। আজ বুধবার (২৮ অক্টোবর) হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এই সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দরবার শরীফের গদীনশীন পীর শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এককালীন আর্থিক অনুদানের পাশাপাশি গরু-ছাগলসহ বিভিন্ন উৎপাদনমুখী উপকরণ উপকারভোগীদের হাতে তুলে দেন। হযরত শাহ্ চন্দ্রপুরী জাকের কল্যাণ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, এই সহায়তার মূল লক্ষ্য উপকারভোগীদের নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধির সুযোগ তৈরি করা।
এদিকে, দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্রপুরী (রহঃ)-এর ওফাত উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে দরবার শরীফের পীর সৈয়দ কামরুজ্জামান ২০২৭ সালের আসন্ন ওরছ শরীফের তারিখ ঘোষণা করেন। তিনি জানান, আগামী ২০২৭ সালের ১৩ জানুয়ারি, বুধবার পবিত্র ওরছ শরীফ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ওরছ পাক-এ-শাহ্ চন্দ্রপুরী উপলক্ষ্যে গত ২৭ অক্টোবর (মঙ্গলবার) বাদ জোহর থেকে ২৮ অক্টোবর (বুধবার) বাদ ফজর পর্যন্ত দরবার শরীফে 'জলসায়ে ওরস পাক-এ-শাহ্ চন্দ্রপুরী' অনুষ্ঠিত হয়। এতে দেশ-বিদেশের অসংখ্য মুরিদ, আশেকান-জাকেরান ও ভক্তবৃন্দ সমবেত হন। অনুষ্ঠানজুড়ে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ-কিয়াম, জিকির-আজকার এবং শরিয়ত ও তরিকত বিষয়ক গুরুত্বপূর্ণ ওয়াজ-নসিহত পেশ করা হয়।
আজ বুধবার বাদ ফজর পবিত্র রওজা মোবারক জিয়ারত এবং বিশ্বজুড়ে সুখ-শান্তি, সমৃদ্ধি ও মহান আল্লাহর নৈকট্য কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে ধর্মীয় এই আয়োজনের সমাপ্তি ঘটে।