নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পৈতৃক সম্পত্তির বিরোধ এবার নতুন মাত্রা পেয়েছে মসজিদের ওয়াক্ফ স্টেটের মোতাওয়াল্লি নিয়োগকে কেন্দ্র করে। আপন ভাই মো. ইব্রাহিম ও বোন ফেরদৌস বেগম মুন্নীর দীর্ঘদিনের বিরোধ এখন চরমে। এ বিরোধের কেন্দ্রে রয়েছে নগরের অক্সিজেন বেপারি পাড়ার আব্দুর রহমান জামে মসজিদ ওয়াক্ফ স্টেট।
ফেরদৌস বেগম মুন্নী চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর। অভিযোগ রয়েছে, পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাই-বোনের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি মসজিদের মোতাওয়াল্লি পদ নিয়ে সেই বিরোধ আরও জটিল আকার ধারণ করেছে।
অনুসন্ধানে জানা যায়, মসজিদের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ এনে ওয়াক্ফ প্রশাসক বরাবর বোন মুন্নীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ইব্রাহিম। পাল্টা অভিযোগে মুন্নী দাবি করেন, তাঁর ভাই ইব্রাহিম মসজিদের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন এবং মসজিদের সম্পত্তি নিজের স্বার্থে ব্যবহার করছেন।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন তদন্তে নামে সংশ্লিষ্ট তদন্তকারী দল। তদন্তে ইব্রাহিমের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়, ওয়াক্ফ বিধান লঙ্ঘন করে ইব্রাহিম মসজিদের তৃতীয় তলা বাণিজ্যিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে ভাড়া দিয়েছেন।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ইব্রাহিমের মোতাওয়াল্লি পদে বহাল থাকা আইনসম্মত ও সমীচীন নয়। একই সঙ্গে নতুন মোতাওয়াল্লি হিসেবে ফেরদৌস বেগম মুন্নীকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়।
শুধু তাই নয়, ইব্রাহিমের বিরুদ্ধে মসজিদের সম্পত্তি দখলের অভিযোগের বিষয়ে তাঁর মা মমতাজ বেগমও একই ধরনের অভিযোগ করেছেন বলে জানা গেছে। তাঁর দাবি, মসজিদের সম্পত্তি নিয়ে ইব্রাহিমের কর্মকাণ্ডে পরিবারের অন্য সদস্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এদিকে তদন্ত প্রতিবেদন ও মোতাওয়াল্লি নিয়োগের সুপারিশের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ করেছেন মমতাজ বেগম। তাঁর অভিযোগ, এসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে ইব্রাহিম সন্ত্রাসী দিয়ে রাতের আঁধারে মুন্নী ও পরিবারের অন্য সদস্যদের ওপর হামলা চালিয়েছেন। পাশাপাশি পুলিশকে ব্যবহার করে পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি করছেন বলেও দাবি তাঁর।
পারিবারিক বিরোধের জের ধরে এবার গণমাধ্যমেও শুরু হয়েছে পাল্টাপাল্টি অভিযোগের লড়াই। মমতাজ বেগম ও মুন্নীর অভিযোগ, বোনের ব্যক্তিগত বিষয় নিয়ে ইব্রাহিম বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রচার করছেন। এতে মুন্নীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে দাবি তাঁদের।
একটি মসজিদের সম্পত্তি ও ব্যবস্থাপনা নিয়ে বিরোধের সূত্রপাত হলেও বিষয়টি এখন পারিবারিক দ্বন্দ্ব, সম্পত্তি দখলের অভিযোগ, হামলা ও হয়রানির অভিযোগ পর্যন্ত গড়িয়েছে। ওয়াক্ফ সম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে মো. ইব্রাহিমের বক্তব্য জানতে একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।