নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) নগরীর চৌধুরী পাড়াস্থ কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ, সৌন্দর্যবর্ধন ও আলোকায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিটি কর্পোরেশন কাজ করছে। নগরীর উন্নয়ন শুধু রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। নাগরিকদের ধর্মীয়, সামাজিক ও মানবিক প্রয়োজনের বিষয়টিও উন্নয়ন পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে। এ কারণে কবরস্থানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কবরস্থান ধর্মীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এর পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা সবার দায়িত্ব। নগরীর প্রতিটি এলাকার মানুষের জন্য সমান নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চসিক ধারাবাহিকভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন।
চসিক সূত্রে জানা যায়, চৌধুরী পাড়াস্থ কবরস্থানের সীমানাপ্রাচীর নির্মাণ, সৌন্দর্যবর্ধন ও আলোকায়নসহ সার্বিক উন্নয়নকাজে ব্যয় হয়েছে ২৬ লাখ ১৩ হাজার টাকা। এসব কাজের ফলে কবরস্থানের নিরাপত্তা ও পরিবেশের উন্নয়ন ঘটেছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে আলহাজ্ব রফিক উদ্দিন চৌধুরী, মাঈনুদ্দিন চৌধুরী, শামশুল আলম, আব্বাস রশিদ, মো. সেলিম উদ্দিন, ফরিদুল আলম, আইয়ুব খান, মহসিন তালুকদার, কুতুব উদ্দিন চৌধুরী, আ. করিম, শফিকুল ইসলাম মহিউদ্দিন, জহির উদ্দিন বাবলু, হায়াতুর রশিদ, শহিদুল ইসলাম, মেজবাহ উদ্দিন চৌধুরী, কবির মিয়া, রাসেল, সিরাজ উদ্দিন, শাহাজাহান আব্বাস রিপন ও পারভেজসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইফতেখার উদ্দিন নিবলু। এ সময় কবরস্থানের উন্নয়নকাজ বাস্তবায়ন করায় চসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় বাসিন্দারা।