এস এ সাগর দাস: কৃষকের পাশে থেকে কৃষিকাজে উৎসাহ জোগাতে এবার নিজেই মাঠে নামলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। হাতে কাস্তে নিয়ে কৃষকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকা আমন ধান কাটায় অংশ নেন তিনি। একজন সরকারি কর্মকর্তার এমন ব্যতিক্রমী ও কৃষকবান্ধব উদ্যোগ স্থানীয় কৃষকদের মাঝে সৃষ্টি করেছে আনন্দ ও উৎসাহ।
সম্প্রতি উপজেলার পাড়ইল ইউনিয়নের বড়াইল গ্রামের একটি ফসলের মাঠে আমন ধান কাটার সময় এ দৃশ্যের দেখা মেলে। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম শুধু কৃষকদের সঙ্গে কথা বলা কিংবা মাঠের ফসলের খোঁজখবর নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; বরং নিজ হাতে কাস্তে নিয়ে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন।
কৃষি কর্মকর্তাকে এভাবে মাঠে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় কৃষকরা। তাঁদের মতে, একজন সরকারি কর্মকর্তা যখন মাঠপর্যায়ে এসে কৃষকদের সঙ্গে সরাসরি কাজ করেন, তখন কৃষকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়। তাঁর এই আন্তরিক অংশগ্রহণ কৃষক ও কৃষি বিভাগের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাঁদের পরিশ্রমের ফসল ঘরে তোলার আনন্দে শামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কৃষকদের পাশে থাকা, তাঁদের সমস্যা ও প্রয়োজনের সময় সহযোগিতা করা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করাই আমাদের মূল লক্ষ্য।”
সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি কর্মকর্তার এমন মাঠমুখী ও কৃষকবান্ধব ভূমিকা কৃষকদের মনোবল বাড়ানোর পাশাপাশি কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটার এই উদ্যোগ সরকারি কর্মকর্তা ও সাধারণ কৃষকের মধ্যকার দূরত্ব কমানোরও একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।