ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: পাঁঠা ও হাঁস বলিসহ নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রাঙামাটির কাপ্তাইয়ে সর্পদেবী মনসার পূজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কাপ্তাইয়ের বিভিন্ন মন্দিরে ভক্তদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।
কাপ্তাই উপজেলার রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির, কাপ্তাই লগগেইট জয়কালী মন্দির, কেপিএম কয়লার ডিপু পুরাতন হরিমন্দির, চন্দ্রঘোনা মিশন এলাকা, কাপ্তাই চৌধুরীছড়া মন্দির এবং শীলছড়ির ওয়াগ্গাসহ বিভিন্ন স্থানে মনসা পূজার আয়োজন করা হয়।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর কাপ্তাই উপজেলার পাঁচটি ইউনিয়নে দুই শতাধিক পাঁঠা ও হাঁস বলির মাধ্যমে মনসা পূজা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু ও মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, সকালে মন্দিরে পূজা শেষে বলির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ মন্দিরে প্রায় ৪০টি ছাগল বলি দেওয়া হয়েছে।
রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু জানান, এ বছর মন্দিরে প্রায় ৮০টি ছাগল বলি দেওয়া হয়েছে। পাশাপাশি কিছু হাঁসও বলি দেওয়া হয়।
চন্দ্রঘোনা মিশন এলাকার যুবক সুমন দাশ জানান, এ বছর মিশন এলাকায় প্রায় ৪০টি ছাগল বলি দেওয়া হয়েছে।
কেপিএম কয়লার ডিপু হরিমন্দির এলাকার ইউপি সদস্য নীলকান্ত মল্লিক নিকেট জানান, কয়লার ডিপু এলাকায় ১৫টি ছাগল বলি দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, শ্রাবণ মাসের শুরু থেকে মনসা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন মন্দিরে মনসার পুঁথি পাঠ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করা হয়। এরপর শ্রাবণ মাসের শেষ দিকে সনাতন ধর্মাবলম্বীরা ঐতিহ্য অনুযায়ী মনসা পূজা উদযাপন করে থাকেন।