চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনির লেক সিটি এলাকায় সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের ছোট ভাই খোকনকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুর দুইটার দিকে এই হামলার শিকার হন তিনি।
ভুক্তভোগী খোকন গণমাধ্যমকে জানান, একটি বিশেষ কাজে তিনি লেক সিটির শেষ প্রান্তে গেলে পথরোধ করে হামলাকারীরা। এ সময় এক যুবক তার কলার ধরে এবং অন্যজন তার রানের মধ্যে ছুরি চালিয়ে পালিয়ে যায়।

ছুরিকাঘাতে আহত হওয়ার পর প্রথমে তাকে একে খান এলাকার আলামিন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ঠিক কী কারণে বা কারা এই হামলার সাথে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং দ্রুতই আকবরশাহ থানায় মামলা দায়ের করা হবে বলে জানা গেছে।